গত ২১ জুন বার্তা জগত ২৪ অনলাইন পোর্টালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা-৫-এর অফিস সহকারী মিজানুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর মিজানুর রহমান তাৎক্ষণিকভাবে লিখিত প্রতিবাদ জানান।
মিজানুর রহমান বার্তা জগত ২৪ কর্তৃপক্ষকে জানান, প্রতিবেদনটি স্থানীয় বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হলেও তাতে উদ্দেশ্যপ্রণোদিত ও ভুল তথ্য ছিল। প্রতিবেদন তৈরির সময় মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। তবে প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ না হওয়ায় তাঁর বক্তব্য প্রকাশ করা সম্ভব হয়নি এবং তথ্য যাচাই-বাছাইয়ের সুযোগও ছিল সীমিত।
মিজানুর রহমানের প্রতিবাদের পর বার্তা জগত ২৪ কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে আমলে নেয় এবং অধিকতর অনুসন্ধান শুরু করে। তাঁর প্রদত্ত সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও অনুসন্ধানের ভিত্তিতে দেখা যায়, কলেজ পার্ক অ্যাপার্টমেন্টের ৩৬টি ফ্ল্যাট ৩৬ জন শেয়ারহোল্ডারের মালিকানাধীন। এর মধ্যে মাত্র একটি ফ্ল্যাটের মালিক মিজানুর রহমান।
প্রতিবেদনে উল্লেখিত ‘আদর্শ নিবাস’, ‘ঢাকা উদ্যান সিটি সেন্টার’, ‘এভিনিউ পার্ক’, ‘মাধবীলতা’, ‘প্রত্যাশা প্যালেস’সহ অন্যান্য ভবন এবং ঢাকা উদ্যানের ৩ নম্বর রোডের নির্মাণাধীন ভবনের সঙ্গে মিজানুর রহমানের কোনো মালিকানা বা সম্পৃক্ততা পাওয়া যায়নি। এছাড়া উল্লেখিত দোকানগুলোও ৬০ জন শেয়ারহোল্ডারের মালিকানাধীন।
সাক্ষাৎকারের সময় কয়েকজন ভাড়াটিয়া ও স্থানীয় ব্যক্তির প্রদত্ত তথ্যে বিভ্রান্তি থাকায় প্রতিবেদনে কিছু তথ্যের গরমিল হয়েছে বলে কর্তৃপক্ষ স্বীকার করেছে। মিজানুর রহমান আরও অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা করেছে। অনুসন্ধানে এ বিষয়েও কিছুটা সত্যতা পাওয়া গেছে।
বার্তা জগত ২৪ কর্তৃপক্ষ ভবিষ্যতে আরও সতর্কতার সঙ্গে তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য পাঠক, মিজানুর রহমান ও সংশ্লিষ্ট সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হলো। প্রকাশিত প্রতিবেদনটি ইতোমধ্যে অনলাইন পোর্টাল থেকে অপসারণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :