ঢাকা ও নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের মধ্যে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সংঘর্ষ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাধারণ শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর মিরপুর-১০ এলাকায় আন্দোলনকারী শ্রমিকদের অবস্থানকালে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মিরপুর শাহ আলী মার্কেটের সামনে বিভিন্ন গলি থেকে আন্দোলনকারী শ্রমিকদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী শ্রমিকদের বক্তব্য অনুযায়ী, পুলিশের উপস্থিতিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শ্রমিকদের ওপর হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। পাল্টাপাল্টি হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় মিরপুর-১০ ও শাহ আলী মার্কেট এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের একপর্যায়ে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
অন্যদিকে, নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকাতেও শ্রমিক আন্দোলন অব্যাহত ছিল। বিকেল সোয়া ৪টার দিকে আন্দোলন চলাকালে পুলিশের পাশাপাশি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শ্রমিকদের একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাইনবোর্ড মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাধারণ শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আন্দোলনকারীরা একত্রিত হয়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করলে তারা পিছু হটে বলে জানা গেছে। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
