ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

বাংলা কিউআর লেনদেনে চার্জ প্রত্যাহার, মিলবে প্রণোদনা

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬

বাংলা কিউআর লেনদেনে চার্জ প্রত্যাহার, মিলবে প্রণোদনা

বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন আরও জনপ্রিয় ও সহজ করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে মার্চেন্ট ফি সম্পূর্ণ বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের লেনদেনের বিপরীতে কোনো ধরনের ফি পরিশোধ করতে হবে না। এর পাশাপাশি ছোট ও প্রান্তিক ব্যবসায়ীদের উৎসাহিত করতে ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনে আকর্ষণীয় প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিক্রেতা বা মার্চেন্টসহ টাকা পরিশোধ ব্যবস্থায় অংশ নেওয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট হারে আর্থিক প্রণোদনা প্রদান করা হবে। প্রণোদনার এই কাঠামো অনুযায়ী, প্রতি ১০০ টাকা লেনদেনের বিপরীতে একুয়ারিং প্রতিষ্ঠান পাবে ১০ পয়সা এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান পাবে ২০ পয়সা।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, মার্চেন্ট পেমেন্ট প্রক্রিয়া আরও সহজ করা এবং দেশের ক্ষুদ্র ও প্রান্তিক পণ্য ও সেবা বিক্রেতাদের ডিজিটাল পেমেন্ট কাঠামোর আওতায় এনে দেশের সামগ্রিক ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যেই এই যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে।

বার্তাজগৎ২৪

Link copied!