সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ প্রধান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাবেক সরকারের সহযোগী হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে। একই সঙ্গে মনগড়া ও কাল্পনিক তথ্য প্রকাশ করে তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে কোনো কর্মকর্তা নতুন পদে দায়িত্ব নেওয়ার পর তাকে লক্ষ্য করে এ ধরনের অপপ্রচার বাড়ছে বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, কিছু ব্যক্তি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।
পুলিশের কোনো সদস্য অতীতে গুম, হত্যা, দমন-পীড়ন, নির্যাতন বা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে আইন অনুযায়ী তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে অতীতে সরকারি দায়িত্ব পালন করেছেন—এমন অজুহাতে পেশাদার, সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার গ্রহণযোগ্য নয়।
সংগঠনটির দাবি, এ ধরনের প্রচারণার মূল উদ্দেশ্য পুলিশের মনোবল ভেঙে দেওয়া, সৎ কর্মকর্তাদের বিতর্কিত করা, পুলিশ বাহিনীকে সামাজিকভাবে হেয় করা এবং আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম ব্যাহত করা।
মিথ্যা তথ্য প্রচার ও অপপ্রচারে জড়িত ব্যক্তি এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে পুলিশ বাহিনীর পেশাদারিত্ব এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

আপনার মতামত লিখুন :