ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬

আপনি ভুল স্বীকার করে ক্ষমা চান: মাশরাফির উদ্দেশে রাশেদ খাঁন

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৬

আপনি ভুল স্বীকার করে ক্ষমা চান: মাশরাফির উদ্দেশে রাশেদ খাঁন

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে উদ্দেশ্য করে একটি আবেগঘন ও সমালোচনামূলক ফেসবুক পোস্ট করেছেন বিএনপি নেতা রাশেদ খান। জুলাই গণঅভ্যুত্থান এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে মাশরাফির নীরবতা ও অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্টটি বর্তমানে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। 

বৃহস্পতিবার (১৪ মে) রাতে রাশেদ খান তার পোস্টে উল্লেখ করেন যে, একসময় সাধারণ মানুষ মাশরাফিকে নিজেদের প্রতিনিধি মনে করত। মাশরাফির লড়াকু মানসিকতা দেখে দেশের মানুষ নিজেদের দেশপ্রেম খুঁজে পেত। কিন্তু মাশরাফি ও সাকিব আল হাসানের রাজনৈতিক সংশ্লিষ্টতাকে তিনি ‘নৈতিক পরাজয়’ হিসেবে অভিহিত করেছেন। রাশেদ খানের মতে, এই ঘটনার পর অনেক সমর্থকই ক্রিকেট খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন।


নড়াইলে মাশরাফির বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে মাশরাফির আক্ষেপের জবাবে রাশেদ খান বলেন "আপনার বাড়ি ভেঙেছে নড়াইলের কিছু মানুষ, কিন্তু আপনি আঠারো কোটি মানুষের মন ভেঙেছেন। লাশের পর লাশ ফেলার সময় আপনি একবারও বলেননি এই হত্যা বন্ধ করুন।"


পোস্টে মাশরাফিকে নিজের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানানো হয়েছে। তিনি আওয়ামী লীগের সাথে এখনো আছেন কি না বা জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকার করেন কি না—সে বিষয়ে মাশরাফির স্পষ্ট বক্তব্য দাবি করেছেন রাশেদ খান। তিনি আরও যোগ করেন যে, মাশরাফি যদি নিজের ভুল স্বীকার করে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন, তবে দেশের মানুষ আবারও তাকে আপন করে নেবে। রাশেদ খান বলেন, "আপনি ভুল স্বীকার করে ক্ষমা চান, আপনার মৃত্যুর পর আপনার লাশ আমরা কাঁধে করে নড়াইল নিয়ে গিয়ে দাফন দেব।"
 

বার্তাজগৎ২৪

Link copied!