ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

সরকারি চাকরিতে থেকেও দলীয় রাজনীতি, প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোহাম্মদ মনিরুজ্জামান

বার্তাজগৎ২৪ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬

সরকারি চাকরিতে থেকেও দলীয় রাজনীতি, প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোহাম্মদ মনিরুজ্জামান

বার্তাজগৎ২৪-এ ‘সরকারি চাকরিতে থেকেও দলীয় রাজনীতি, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ!’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমিনবাজার ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান।

এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। সংবাদে ব্যবহৃত রাজনৈতিক কর্মকাণ্ডসংক্রান্ত ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি বা বিকৃত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

প্রতিবাদলিপিতে মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, অফিসের কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে আসছিল। বিশেষ করে সরকারি খাস জমি আত্মসাৎ এবং অনিয়মের মাধ্যমে সুবিধা নেওয়ার সুযোগ না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তার দাবি, ওই স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য সরবরাহ করে তাকে সামাজিক ও পেশাগতভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সংবাদটি প্রকাশ করিয়েছে।

তিনি আরও বলেন, সংবাদে ঘুষ গ্রহণ, সরকারি রাজস্ব ফাঁকি, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং অবৈধ সম্পদ অর্জনের যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলোর কোনও সত্যতা নেই। এসব অভিযোগের পক্ষে কোনও প্রামাণ্য দলিল, সরকারি তদন্ত প্রতিবেদন বা আদালতের সিদ্ধান্ত উপস্থাপন করা হয়নি বলেও দাবি করেন তিনি।

মোহাম্মদ মনিরুজ্জামান প্রকাশিত সংবাদটি প্রত্যাহার ও সংশোধন করে তার বক্তব্য যথাযথভাবে প্রকাশের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হবে।

প্রতিবাদকারীর বক্তব্যের বিষয়ে বার্তাজগৎ২৪-এর বক্তব্য হলো, প্রকাশিত সংবাদে উত্থাপিত অভিযোগগুলো সংশ্লিষ্ট সূত্র ও অভিযোগকারীদের বক্তব্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

বার্তাজগৎ২৪ ডেস্ক

Link copied!